
চট্টগ্রাম প্রতিনিধি | Katha24.com
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির হত্যাকাণ্ডে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আসামির নাম ইরফাত আলী ওরফে রাফসান। রোববার (১৮ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাবের অভিযান, পুলিশের হাতে হস্তান্তর
র্যাব-৭ জানায়, হালিশহর থানার কিশোর গ্যাং ‘পাইথন’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাফসানকে একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় ওয়াহিদুল হক সাব্বিরের ওপর হামলা চালানো হয়। প্রথমে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়, পরে পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।
নিহতের পরিচয় ও মামলা
নিহত ওয়াহিদুল হক সাব্বির নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।